দায়িত্বে থাকা অবস্থায় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত চলছে।
বাংলাদেশের মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন শাহাদত হোসেন ও আবু সাঈদ। পুলিশ জানায়, রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে বেতিলায় যাওয়ার পথে এক দম্পতির ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এসময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সুপার জানান, স্বামীকে নিচতলায় রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী বিষয়টি স্বামীকে জানান এবং তারা থানায় অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই আনসার সদস্যকে আটক করে। বর্তমানে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে এবং তদন্তে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
















