ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবক গুরুতর আহত হন এবং রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।
পথচারী মো. কায়েস আলী বলেন, “মানুষের ভিড় দেখে কাছে গিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। জানতে পারি ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়েছেন। পরে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
















