বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব অংশীজনের সাথে বসছেন বাণিজ্য উপদেষ্টা
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি উচ্চপর্যায়ের সভার আহ্বান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালে থাকে, তা নিশ্চিত করতেই এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় ব্যবসায়ী, আমদানিকারক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে বসে সার্বিক জোগান ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সভা শেষে বাজার ব্যবস্থাপনার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
ভারত-বাংলাদেশের বর্তমান কূটনৈতিক উত্তেজনা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আবারো স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত বাণিজ্যের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব বা চাপের লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। উল্লেখ্য, রমজানে ভোজ্যতেল, চিনি, ডাল ও ছোলার মতো পণ্যের চাহিদা বহুগুণ বেড়ে যায়। বাজার বিশ্লেষকদের মতে, ১৯ জানুয়ারির এই সভা থেকে আমদানিতে এলসি জটিলতা নিরসন এবং মজুতদারি রোধে কঠোর কোনো নির্দেশনা আসতে পারে, যা আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
















