সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মানিকগঞ্জ ও গাজীপুরে ডিবি’র সফল অভিযান
রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১০ জানুয়ারি) ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। অপর একজন তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে মুছাব্বিরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করলে তিনি নিহত হন। এই ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুছাব্বির ও তার সঙ্গী মাসুদ স্টার কাবাব থেকে বের হয়ে গলির দিকে যাওয়ার সময় দুই যুবক তাদের অনুসরণ করে এবং হঠাৎ অতর্কিতে গুলি চালায়। মুছাব্বিরের কনুই ও পেটে গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন এবং শুটাররা নির্বিকারভাবে মেইন রাস্তা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্র ও দলীয় কর্মীদের দাবি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারী মুছাব্বির আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিলেন। এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিস্তারিত ও নেপথ্যের কুশীলবদের পরিচয় প্রকাশ করা হবে।
















