গণভবনের সামনে লিকেজ মেরামতে বন্ধ বিতরণ নেটওয়ার্ক; ধানমন্ডি-মোহাম্মদপুরসহ বড় এলাকায় তীব্র স্বল্পচাপ
রাজধানীতে চলমান গ্যাস সংকটের মধ্যেই নতুন বিপর্যয় দেখা দিয়েছে। মিরপুর রোডে গ্যাসের একটি গুরুত্বপূর্ণ ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। আজ শনিবার (১০ জানুয়ারি) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে।
তিতাস জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে যাওয়ায় লিকেজ তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়েছে।
এর ফলে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ ও গাবতলীসহ সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। অনেক বাসায় চুলা একেবারেই জ্বলছে না বলে খবর পাওয়া গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। তবে কাজ শেষ হতে কত সময় লাগবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা মহানগরীতে গত কয়েকদিনই গ্যাসের তীব্র সংকট চলছে, যার ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তিতাস জানিয়েছিল, আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হলেও ভেতরে পানি ঢুকে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে।
মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে সেই পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একদিকে তুরাগ নদের পাইপলাইনে পানি ঢোকা এবং অন্যদিকে আজ মিরপুর রোডে ভালভ ফেটে যাওয়া- এই দ্বিমুখী সংকটে ঢাকা মহানগরীর গ্যাস সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। শীতের এই সময়ে গ্যাসের এমন ভয়াবহ সংকটে রান্না ও দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে।
















