আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘গোপন বৈঠক’ সংক্রান্ত খবরের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরেন।
‘ভারতীয় কূটনীতিকরা অনুরোধ করায় বৈঠক প্রকাশ করা হয়নি’: সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত তথ্য দিলেন ডা. শফিকুর রহমান
স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা
নির্বাচনের আগে জামায়াতের সাথে ভারতের সম্পর্কের সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। এমন সময়ে জামায়াত আমিরের এই ব্যাখ্যা ও ভারতীয় কূটনীতিকদের সাথে সাক্ষাতের বিষয়টি স্বীকার করা একটি নতুন মাত্রা যোগ করল।
জামায়াত আমির দাবি করেছেন, ভারতের সাথে কোনো ‘গোপন বৈঠক’ হয়নি, বরং তা ছিল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ। ভারতীয় কূটনীতিকদের অনুরোধের কারণেই সে সময় বিষয়টি জনসমক্ষে আনা হয়নি।
রয়টার্সের সেই প্রশ্ন ও আমিরের উত্তর
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয় কি না। জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন দেশ-বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিক তাকে দেখতে বাসায় এসেছিলেন। অন্যান্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও তখন সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।
কেন জানানো হয়নি সেই সাক্ষাতের কথা?
জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, “অন্যান্য কূটনীতিকদের সাথে সাক্ষাতের বিষয়টি আমরা গণমাধ্যমে প্রকাশ করলেও ভারতীয় কূটনীতিকরা তা প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়েই তখন সেটি পাবলিসিটিতে দেওয়া হয়নি।” তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।
‘বিভ্রান্তিকর’ সংবাদের নিন্দা
বিভিন্ন গণমাধ্যমে ‘ভারতের সঙ্গে গোপন বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সত্যনিষ্ঠ তথ্য প্রচারের আহ্বান জানান।
















