১৯৬০ সালের গণআন্দোলনের শহীদদের স্মরণে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও নীরবতা
রাজধানীতে অনুষ্ঠিত আলজেরিয়ার বিক্ষোভ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
ঢাকায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হয়েছে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়—১৯৬০ সালের বিক্ষোভ দিবস। বৃহস্পতিবার সকালে রাজধানীর আলজেরিয়া দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা হয়।
পরবর্তীতে আলজিয়ার্সে ১৯৬০ সালের গণবিক্ষোভে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি ফরাসি উপনিবেশ থেকে মুক্তির সংগ্রামে শহীদদের অবদান স্মরণ করেন এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত সাইদানি বলেন, ঢাকা ও আলজিয়ার্স—দুই জাতির স্বাধীনতা অর্জনের ইতিহাস রক্তাক্ত সংগ্রাম ও আত্মদান দিয়ে নির্মিত। সেই অভিজ্ঞতা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। তিনি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্বাধীনতার পর ঢাকায় প্রতিষ্ঠিত আলজেরিয়ান দূতাবাস ১৯৯০ সালে বন্ধ হয়ে গেলেও ২০২০ সালে দেশটি পুনরায় বাংলাদেশে তাদের মিশন চালু করে।
















