জুলাই গণ–অভ্যুত্থান থেকে নির্বাচন—সব পর্যায়েই আস্থা বাড়ছে
প্রথম আলোর জাতীয় জনমত জরিপে দেখা গেছে, জুলাই গণ–অভ্যুত্থান থেকে বর্তমান পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট দেশের অধিকাংশ মানুষ। আগামী নির্বাচনেও সেনাবাহিনীর সহায়তা ‘ইতিবাচক প্রভাব’ ফেলবে বলে মত দিয়েছেন নাগরিকেরা।
জুলাই গণ–অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ‘ভালো’ ছিল বলে মনে করেন দেশের প্রায় সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ মানুষ। প্রথম আলোর জন্য কিমেকারস কনসাল্টিং লিমিটেড পরিচালিত জাতীয় জনমত জরিপ–২০২৫–এ উঠে এসেছে এই সন্তুষ্টি।
জরিপে অংশ নেওয়া ৫২.২ শতাংশ মানুষ বলেছেন সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল, আর ১৭.১ শতাংশ বলেছেন খুবই ভালো—অর্থাৎ ৬৯.৩ শতাংশ মানুষ সেই সময়ের সেনা ভূমিকা নিয়ে সন্তুষ্ট। মাত্র ৭.৫ শতাংশ মানুষ নেতিবাচক মত দিয়েছেন।

গণ–অভ্যুত্থানপরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি আরও বেশি—৭৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন সেনাদের ভূমিকা ভালো বা খুবই ভালো ছিল।
আগামী জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে—এমন প্রশ্নে ৮৫.১ শতাংশ মানুষ বলেছেন, সেনাবাহিনী ভালো বা খুবই ভালো ভূমিকা রাখবে।

জরিপ অনুযায়ী, সেনাবাহিনী নির্বাচনে সহযোগিতা করলে ৮০.৭ শতাংশ নাগরিক মনে করেন ভোটে ইতিবাচক প্রভাব পড়বে। জরিপটি দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রামীণ/আধা–শহর অঞ্চলের ১৮–৫৫ বছর বয়সী ১,৩৪২ জন মানুষের মতামতের ভিত্তিতে করা হয়।
গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি একটি জাতীয় প্রতিনিধিত্বমূলক মতামত জরিপ, যার কনফিডেন্স লেভেল ৯৯ শতাংশ।
















