লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি দুর্দান্ত এক জয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে পৌঁছেছে। শনিবার নিউইয়র্ক সিটি এফসি-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফোর্ট লডারডেলে নিজেদের মাঠেই চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিশ্চিত করে দলটি। আগামী শনিবার ফাইনালে তারা মুখোমুখি হবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের।
টাদেও আলেন্দে হ্যাটট্রিক, আর মাতো সিলভেত্তি ও তেলাসকো সেগোভিয়ার গোল ইন্টার মায়ামিকে পুরো ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করে। ৩৮ বছর বয়সী মেসি গোল করতে না পারলেও তৃতীয় গোলের অসাধারণ সহায়তা দিয়ে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের দিকে টেনে আনেন। কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, মেসির খেলায় সবসময়ই অসাধারণ কিছু পাওয়া যায়, আর তার সেই অ্যাসিস্টই ম্যাচটিকে নিশ্চিত করে দেয়।
নিউইয়র্কের বিরুদ্ধে ম্যাচজুড়ে মায়ামির আক্রমণ ছিল ধারাবাহিক। আলেন্দে ১৪ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন অফসাইড ট্র্যাপ ভেঙে, এরপর মাথা দিয়ে বাড়িয়ে ২-০ করেন। নিউইয়র্ক অবশ্য ৩৭ মিনিটে জাস্টিন হাকের হেড থেকে ব্যবধান কমায় এবং ৬৬ মিনিটে সমতায় ফেরার মতো সুযোগও তৈরি করেছিল। তবে মায়ামির গোলরক্ষক রোক্কো রিওস নোভোর দুর্দান্ত সেভ সেই প্রচেষ্টা রুখে দেয়।
ঐ মুহূর্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাল্টা আক্রমণে দে পল ও আলবার সমন্বয়ের পর মেসির পাস ধরে সিলভেত্তি গোল করে ৩-১ করেন। এরপর সেগোভিয়ার ৮৩ মিনিটের গোল ও আলেন্দের ৮৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করা গোল উৎসবে রূপ নেয় ম্যাচটি।
মাসচেরানো বলেন, মৌসুমের শুরুতে দল বিপর্যস্ত মনে হলেও শেষ পর্যন্ত শক্তিশালী দলগত মনোবলে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। তার মতে, দলের এই একতা তাদের শক্তিকে অপরাজেয় করে তুলেছে।
এদিকে অপর সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস সান ডিয়েগোকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। জার্মান তারকা থমাস মুলারের নেতৃত্বে দারুণ ফুটবল উপহার দেয় দলটি। ম্যাচের শুরুতেই ব্রায়ান হোয়াইট গোল করে দলকে এগিয়ে নেন, এরপর সান ডিয়েগোর গোলরক্ষকের আত্মঘাতী গোল এবং প্রথমার্ধের শেষ দিকে হোয়াইটের আরও একটি গোল ম্যাচকে প্রায় নিশ্চিত করে ফেলে।
৬০ মিনিটে লোজানোর দূরপাল্লার শটে ব্যবধান কমলেও ভ্যাঙ্কুভারই পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে। শেষ দিকে সিসনিয়েগার লাল কার্ড পাওয়ায় সান ডিয়েগোর সংগ্রাম আরও কঠিন হয়ে পড়ে।
আগামী সপ্তাহে প্রথম এমএলএস কাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে মেসি, আলেন্দে ও তাদের পুনরুজ্জীবিত ইন্টার মায়ামি।
















