ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সৌরভ জানিয়েছেন, কয়েক মাস ধরে তিনি এ ধরনের হুমকিসূচক চিঠি পাচ্ছেন। সর্বশেষ গতকাল তাঁর কার্যালয়ে আসা দুটি চিঠিতে তাঁকে, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বজন ও ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
চিঠি পাওয়ার পর সৌরভ গাঙ্গুলী দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠির ভাষা, পাঠানোর উৎস, কুরিয়ার সার্ভিসের তথ্য এবং প্রেরকের পরিচয় খতিয়ে দেখছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিগুলো পাঠিয়ে থাকতে পারেন। সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত একটি মোবাইল নম্বর শনাক্ত করে সেটির অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ছয় মাস ধরে সৌরভের নামে এ ধরনের চিঠি আসার অভিযোগ রয়েছে। তবে শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সর্বশেষ চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সবগুলো হুমকির চিঠি একই ব্যক্তির পাঠানো কি না এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রেরকের পরিচয় নিশ্চিত করতে কুরিয়ার তথ্য ও মোবাইল নম্বরের অবস্থান বিশ্লেষণ করা হচ্ছে।
















