চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান ও পদায়ন না পাওয়ার প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হলেও কয়েক মাস ধরে বিদ্যালয়ে যোগদানের সুযোগ না পাওয়ায় এ কর্মসূচি পালন করা হবে। তাদের দাবি, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
এর আগে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়ে সরকার কাজ করছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের বরাত দিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের এ ঘোষণার পরও আন্দোলনের সিদ্ধান্ত থেকে সরে আসেননি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পরও এখন পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন বা অফিস আদেশ প্রকাশ হয়নি। তাই ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
শনিবার সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, ‘এত ভোগান্তির পরেও আরও দেরি করা আমাদের পক্ষে সম্ভব না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই লাগাতার কর্মসূচিতে যাবো আমরা’
তিনি আরও বলেন, আগস্টের মধ্যেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলবে।
















