রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল। এ ঘটনায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার (২৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গ্যাস বেলুন আটকে যাওয়ার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পরবেলুনগুলো অপসারণের করলে আবারও স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।
জানা গেছে, একগুচ্ছ উড়ন্ত গ্যাস বেলুন মেট্রোরেলের তারে জড়িয়ে যায়। ফলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এসময় উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা বলেন, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়।
তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয়।
















