গাজার মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার চিত্রগ্রাহক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। হামলায় আরও একজন নিহত এবং অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে তাদের কর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকে নিহত আল জাজিরা কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
শনিবার গাজাজুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় মোট অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্যও রয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ছিল। এছাড়া উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।
আহমেদ উইশাহের ভাই মোহাম্মদ উইশাহও চলতি বছরের এপ্রিল মাসে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হন। সে সময়ও ইসরায়েলি বাহিনী তার বিরুদ্ধে অভিযোগ তুললেও কোনো প্রমাণ প্রকাশ করেনি।
সাম্প্রতিক ঘটনায়ও ইসরায়েলি সামরিক বাহিনী আহমেদ উইশাহকে সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে। তবে আল জাজিরা এ অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা আখ্যা দিয়ে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংবাদমাধ্যমটির দাবি, সত্য প্রকাশের কণ্ঠ রোধ করতেই ধারাবাহিকভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তারা জানিয়েছে, নিহত কর্মীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাংবাদিক সুরক্ষা বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় সংঘাত শুরুর পর থেকে অন্তত ২৬০ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ। গত বছরের ঘোষিত যুদ্ধবিরতির পরও এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
















