যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজনই হামলাকারীর নিজ সন্তান। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকালে শ্রিভপোর্ট শহরের দুটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১২ বছরের মধ্যে ছিল। আহতদের মধ্যে একজন হামলাকারীর সন্তানদের মা।
পুলিশ জানায়, হামলাকারী শামার এলকিন্স পরে পুলিশের ধাওয়া খেয়ে নিহত হয়। পালানোর সময় সে অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করেছিল। ধাওয়ার একপর্যায়ে পুলিশ গুলি চালালে সে মারা যায়।
প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পারিবারিক সহিংসতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা এবং ঘটনাস্থল ছিল ব্যাপক ও জটিল।
শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো এই ঘটনাকে শহরের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে চলতি বছরে ইতোমধ্যে শতাধিক গণগুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, এসব ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
এই ঘটনার পর আবারও দেশটিতে অস্ত্র সহিংসতা ও পারিবারিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
















