জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে দুইজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে পৌর শহরের গেইটপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন এ আদেশ দেয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)। তারা সম্পর্কে শশুড় ও জামাই।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম জানান, হাবিব ও নাজমুল শহরের বিভিন্ন পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে সেই তেল মোটরসাইকেল থেকে পাইপের মাধ্যমে বের করে বোতলে মজুদ করে রাখেন। পরে সেই তেল খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এমন সংবাদ পেয়ে সোমবার (৬ এপ্রিল) রাতে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার সময় হাবিব ও নাজমুল হাসানকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ৫ লিটার পেট্রল উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে গতকাল রাতে আমরা অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ওই দুজনকে এক মাসে করে কারাদণ্ড প্রদান করেছি। কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
















