বগুড়ার পাঁচ তারকা মানের ‘মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট’–এ শনিবার ‘কেবল কার’ রাইড চালু হয়েছে। ঈদের এই দিনে ওই রাইডে চড়তে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।
মম ইন কর্তৃপক্ষ জানায়, দেশে প্রথমবারের মতো তারকা হোটেল, রিসোর্ট বা বিনোদন পার্কে বিশ্বমানের কেব্ল কার রাইড অ্যাডভেঞ্চার চালু করেছে মম ইন। কেব্ল কারের একটি স্টেশন হোটেল চত্বরে, আরেকটি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। দূরত্ব প্রায় দেড় কিলোমিটার; উচ্চতা ১৩০-১৪০ ফুট। কেব্ল কারে ৩২টি চেম্বার আছে। প্রতিটি চেম্বারে চার জন বসতে পারেন। অর্থাৎ প্রতি রাইডে ১২৮ জন চড়তে পারেন। জনপ্রতি টিকিটের দাম ২০০ টাকা। এই রাইডে আসা-যাওয়ায় সময় লাগে মোট ৩৬ মিনিট। হোটেলের অতিথি ছাড়াও যেকোনো দর্শনার্থী এই রাইডে উঠতে পারবেন।
মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম বলেন, ‘দেশীয় পর্যটনশিল্পকে বিশ্বমানে রূপ দিতে এবং বিদেশি পর্যটকদের চোখে বাংলাদেশি পর্যটন সম্ভাবনাকে মেলে ধরতে পাঁচ তারকা হোটেলে অতিথি সেবা নিশ্চিত করার পাশাপাশি বিনোদনের নানা রোমাঞ্চকর রাইড চালু করা হয়েছে। এর মধ্যে আছে সবুজে ঘেরা হোটেল চত্বরের লেকে ভাসমান বোটিং, সাইক্লিং, গেমিং জোন, ট্র্যাকলেস ট্রেন, অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে নানা বয়সী অতিথি ও দর্শনার্থীদের জন্য আধুনিক ও রোমাঞ্চকর সব রাইড।’
রাকিবুল ইসলাম জানান, উঁচু থেকে চারপাশের মনোরম দৃশ্য উপভোগের জন্য এখানে আছে ধীরগতির ফেরিস হুইল (যান্ত্রিক নাগরদোলা), ডিজে গানের তালে তালে কৃত্রিম ঢেউয়ের ছন্দে মেতে ওঠার ওয়েভ পুল, পানির স্রোতে ভেসে বেড়ানো প্রশান্তিদায়ক লেজি রিভার, গানের তালে তালে কৃত্রিম বৃষ্টির রেইন ড্যান্স। সুইমিং ওয়াটার রাইড ছাড়াও আছে হেলিকপ্টার রাইড। এবার চালু হয়েছে কেব্ল কার রাইড।
















