অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের এক খনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন আয়ারল্যান্ডের এক নাগরিক। দেশটির গণমাধ্যম আরটিই নিউজ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম অ্যামব্রোজ প্যাট্রিক ম্যাকমালেন (৫৯), তিনি আয়ারল্যান্ডের কেভান কাউন্টির কুটহিল এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে, সিডনি থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কোবার শহরের এন্ডেভার খনিতে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে—দুজনের প্রাণ শেষ হয়ে গেছে সেই অন্ধকার গহ্বরে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর দুই তরুণীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে একজন পরবর্তীতে হাসপাতালে মারা যান।
আরটিই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামব্রোজ ম্যাকমালেন বিবাহিত ছিলেন, তাঁর সন্তানও রয়েছে। কেভানের স্থানীয় রাজনীতিক কারমেল ব্র্যাডি, যিনি স্কুলজীবনে তাঁর সহপাঠী ছিলেন, স্মৃতিচারণ করে বলেন—“অ্যামবি ছিল এক দয়ালু, হাসিখুশি তরুণ। খেলাধুলায় পারদর্শী, প্রাণবন্ত। আশির দশকের মাঝামাঝি সময়ে সে কুটহিল ছেড়ে অজানার পথে যাত্রা করেছিল, আর অস্ট্রেলিয়াতেই গড়ে তোলে নিজের নতুন জীবন।”
কোবার শহরের মেয়র জ্যারড মার্সডেন এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “এটি একদমই মর্মান্তিক, হৃদয়বিদারক এক দুর্ঘটনা।”
অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার তথ্যমতে, সর্বশেষ এমন দুর্ঘটনা ঘটেছিল ২০১৫ সালে কুইন্সল্যান্ডের এক খনিতে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য একটি তদন্ত শুরু হয়েছে এবং করনারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
















