ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে মদন উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ ভোটারদের মতো লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। এ সময় তার পরিবারের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত থেকে নিজ নিজ ভোট প্রদান করেন।
ভোট দেওয়া শেষে গণমাধ্যমকে বাবর বলেন, আমি কল্পনাও করিনি জীবনে কখনো আর ভোট দিতে পারব। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আজ আমার সঙ্গে ভোট দিয়েছেন।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে এই আসন থেকে প্রথমবারের মতো বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় নির্বাচিত হয়ে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং ওই সময় দল থেকে বহিষ্কৃত হন।
পরবর্তীতে বিএনপি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিলেও দীর্ঘদিন তিনি কোনো দলীয় পদে ছিলেন না। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়ছেন।
নেত্রকোণা-৪ আসনে এবার বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, সিপিবির জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
















