নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে ভয়াবহ তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যখন ট্যাংকারটি রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং তেল ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীরা ভয়াবহ বিস্ফোরণের শিকার হন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তাতে অনেকেই পুড়ে মারা যান। নিহতদের অধিকাংশকে শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ আগুনে তাদের দেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে নাইজার রাজ্যের কাচা স্থানীয় প্রশাসনিক এলাকার বিদা-আগাই সড়কের এসান ও বাদেগি গ্রামের কাছাকাছি এলাকায়। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নেমা) বলেছে, ২৯ জন নিহত ও ৪২ জন আহত। সংস্থাটি এখনও চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। তার মুখপাত্র বলোগি ইব্রাহিমের বিবৃতিতে বলা হয়েছে, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক যে বারবার সতর্কতা সত্ত্বেও মানুষ এখনো উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে যায়।”
স্থানীয় কর্তৃপক্ষের মতে, ট্যাংকারটি দক্ষিণাঞ্চলীয় লাগোস শহর থেকে উত্তরাঞ্চলে তেল পরিবহন করছিল। রাস্তার খারাপ অবস্থার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নাইজেরিয়ায় খারাপ সড়ক অবস্থা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। এর আগে গত বছরের অক্টোবরে জিগাওয়া রাজ্যে ট্যাংকার বিস্ফোরণে ১৫৩ জন নিহত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতেও নাইজার রাজ্যের সুলেজা এলাকায় তেলবাহী ট্রাক উল্টে আগুন ধরে গেলে অন্তত ৮৬ জন মারা যান এবং প্রায় ৭০ জন আহত হন।
















