ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ দেশটির শিল্প খাতের গভীর সংকটকে সামনে এনেছে। রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠ নোয়াডাসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় হাজারো কারখানা শ্রমিক সড়কে নেমে মজুরি বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের দাবি জানিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শ্রমিক চুক্তিভিত্তিক এবং অপ্রাতিষ্ঠানিকভাবে নিয়োজিত। তারা মাসে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার রুপি আয় করেন, যা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। অনেকেই গ্রাম থেকে আসা শ্রমিক, যারা শহরের প্রান্তে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন।
প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন কিছু এলাকায় সহিংস রূপ নেয়। নোয়াডায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং তিন শতাধিক মানুষকে আটক করা হয়।
শ্রমিকদের ক্ষোভের একটি বড় কারণ হলো বিভিন্ন রাজ্যে মজুরির বৈষম্য। পাশের রাজ্য হরিয়ানায় সাম্প্রতিক আন্দোলনের পর ন্যূনতম মজুরি ৩৫ শতাংশ বাড়ানো হলেও অন্য রাজ্যগুলোতে একই ধরনের উদ্যোগ দেখা যায়নি।
উত্তর প্রদেশ সরকার কিছু এলাকায় অস্থায়ীভাবে মজুরি বাড়ানোর ঘোষণা দিলেও শ্রমিকরা বলছেন, তা তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। অনেক শ্রমিক অভিযোগ করেন, তারা দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করলেও অতিরিক্ত সময়ের পুরো পারিশ্রমিক পান না।
বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ শুধু কম মজুরি নয়, বরং শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা। একই ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন মজুরি নির্ধারণ হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
শ্রমিকদের অনেকেই জানান, ভাড়া, খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পর তাদের হাতে কিছুই থাকে না। একদিন কাজ বন্ধ থাকলেই আয় কমে যায়, যা তাদের জীবনযাত্রাকে আরও অনিশ্চিত করে তোলে।
এই বিক্ষোভের আরেকটি বৈশিষ্ট্য হলো বড় শ্রমিক সংগঠনের নেতৃত্বের অনুপস্থিতি। ফলে আন্দোলনটি অনেকাংশে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছে।
এদিকে, রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। সরকার পক্ষ বিক্ষোভকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করলেও বিরোধীরা শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, দেশের অর্থনীতি বাড়লেও শ্রমবাজারে বৈষম্য ও অনিশ্চয়তা রয়ে গেছে। প্রায় ৯০ শতাংশ শ্রমিক মাসে ২৫ হাজার রুপির কম আয় করেন, যা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশেষ করে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে শ্রমিকদের ওপর চাপ আরও বেড়েছে। শুধু কারখানা শ্রমিক নয়, গৃহকর্মীরাও একই ধরনের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো সীমিত লাভের মধ্যে পরিচালিত হওয়ায় হঠাৎ মজুরি বৃদ্ধি তাদের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে একদিকে শ্রমিকদের দাবি, অন্যদিকে ব্যবসার চাপ—দুই পক্ষই সংকটে পড়ছে।
তাদের মতে, টেকসই সমাধানের জন্য শ্রম আইন কার্যকর করা, সামাজিক নিরাপত্তা বাড়ানো এবং ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এই অসন্তোষ ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে।
















