নির্বাচন সামনে রেখে তথ্য-অপতথ্যের ভিড়ে সত্য যাচাইয়ে সতর্ক থাকার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৮–১২ ফেব্রুয়ারি সময়টিতে অপতথ্য মোকাবিলাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সময় টেলিভিশনের সিইও জুবায়ের বাবু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য মোকাবিলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের বাবু।
সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মিডিয়া রিপোর্টিং ইন দ্য এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
জুবায়ের বাবু বলেন, আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির এই যুগে খুব দ্রুত বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, তথ্য ও অপতথ্যের ভিড়ে প্রকৃত সত্য যাচাই করাই এখন বড় চ্যালেঞ্জ।
সেমিনারের বক্তারা বলেন, তথ্য এখন শক্তি এবং সমাজের অগ্রগতির বড় হাতিয়ার। তবে তথ্যের ভিড়ে অপতথ্য মোকাবিলা করা কঠিন হয়ে উঠছে, ফলে অনেক সময় প্রকৃত সত্য জানা ও বোঝা দুরূহ হয়ে পড়ে। এ বাস্তবতায় মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. এসএম রেজাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক এবং সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম। সেমিনারটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।
















