নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা, বিদ্রোহী প্রার্থীতে জেলায় বাড়তি উত্তেজনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।
ময়মনসিংহে পৌঁছে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনি রাজনীতিতে বাড়তি উত্তেজনা ও জটিলতা তৈরি হয়েছে। এতে দলীয় সমীকরণ কঠিন হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে এসব ভোট যে প্রার্থীর দিকে যাবে, তারই জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলে তারা মনে করছেন।
সমাবেশে আসা নেত্রকোণার দুর্গাপুর এলাকার ছাত্রদল নেতা মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবেন বলে তারা আশাবাদী।
দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তারেক রহমান মঞ্চে উপস্থিত হননি। তবে শহর ও জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় বড় ছবি ও ব্যানার–ফেস্টুন শোভা পাচ্ছে।
















