হুমকি ও গালাগালির প্রতিবাদে ফরিদপুর-৪ আসনে ব্যতিক্রমী কর্মসূচি
নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালির প্রতিবাদে কাফনের কাপড় পরে মাঠে নেমেছেন ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল ও তার সমর্থকরা। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেন।
ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল-এর নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা কাফনের কাপড় পরে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার এবং ন্যায্য নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, সব ধরনের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করেই জনগণের অধিকার রক্ষায় তারা মাঠে থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন জানান, জাতীয় পার্টির প্রার্থী এখনো মৌখিক বা লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ এলাকায় সমাজসেবা ও মানবিক কার্যক্রমের জন্য পরিচিত। তিনি ১০ টাকায় ইলিশ মাছ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ নিয়ে আগেও আলোচনায় এসেছেন। নির্বাচনি গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
















