হত্যার আশঙ্কা ও অনলাইন হুমকির অভিযোগ, আইনগত পদক্ষেপের প্রস্তুতি পুলিশের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির সন্তান ও ভাইকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার জানিয়েছে, হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদি-র সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানা-য় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে হাদির মেঝো ভাই ওমর বিন হাদি থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান বলেন, হাদির ভাই নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান শরিফ হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তিনি ও হাদির সন্তানকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কা করছেন। কারণ হিসেবে তিনি বলেন, হাদির হত্যাকারী চক্র এখনো গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং ব্যক্তিগতভাবে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এসব কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিডির তথ্য যাচাই করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















