রাজনৈতিক সংলাপ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ইঙ্গিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, যেখানে দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে চীন ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে চীন–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জামায়াত আমিরের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
রাজনৈতিক দল ও কূটনৈতিক মিশনের মধ্যে এই ধরনের সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচন ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
















