এনআরএল থেকে আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি টাকা, অনুমোদন উপদেষ্টা পরিষদের
চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ভারত থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে মেয়াদি চুক্তির আওতায় এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ জ্বালানি আমদানির অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি অনুমোদন পায়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এই ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে মোট ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকার সমপরিমাণ। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স মূল্য ধরা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার।
জানা গেছে, ২০১৬ সাল থেকে ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ডিজেল আমদানি করছে বাংলাদেশ। শুরুতে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হলেও ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হওয়ার পর পাইপলাইনের মাধ্যমেই ডিজেল আমদানি করা হচ্ছে।
ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ডিজেল আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানির চুক্তি ১৫ বছর মেয়াদি এবং এটি আগেই করা হয়েছিল। চলমান আমদানি সেই বিদ্যমান চুক্তির আওতাতেই হচ্ছে।
















