কাগজপত্র ও দপ্তরে যাতায়াত ছাড়াই অনলাইনে ভ্যাট ফেরত, এনবিআরের নতুন উদ্যোগ
করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ভ্যাট রিফান্ড সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর অনলাইন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অর্থ ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে অনলাইনে আবেদন করলে কোনো কাগজপত্র বা সরাসরি দপ্তরে উপস্থিতি ছাড়াই ভ্যাট রিফান্ডের টাকা করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
বুধবার ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের অধিভুক্ত তিনজন করদাতার ব্যাংক হিসাবে একযোগে ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধিসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করতে এনবিআরের চলমান উদ্যোগে করদাতাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনবিআর জানায়, বিদ্যমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এই মডিউলটি অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংক-এর বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডের অর্থ স্থানান্তর করছে।
নতুন ব্যবস্থায় করদাতারা মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই ও অনুমোদন দিলে কোনো ধরনের অতিরিক্ত প্রক্রিয়া ছাড়াই অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।
এনবিআরের মতে, এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে আবেদন নিষ্পত্তি আরও দ্রুত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে ভ্যাট কার্যালয়ে বারবার আসা–যাওয়ার প্রয়োজন না থাকায় করদাতাদের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।
















