এনসিপির সুপ্রিমো নাহিদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন দলটির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
নাহিদের দুটি ছবি শেয়ার করে পারুল লেখেন, “নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের। আরও স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন—ঠান্ডা, তীব্র এবং unapologetic।”
তিনি আরও বলেন, “ছাত্রজীবনে দল ছাড়ার পর গত ২০ বছরে কাউকে নেতা মানিনি। নাহিদ আমার নেতা। এটি আবেগের সিদ্ধান্ত নয়, জেনে-বুঝেই আমার রাজনৈতিক সিদ্ধান্ত।”
দল গঠনের বাস্তবতা তুলে ধরে পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল গঠনের বিকল্প নেই। বহু সীমাবদ্ধতা ও ব্যর্থতা থাকলেও মাত্র দশ মাসে দলটি নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করেছে—এটাই বড় সত্য।
আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, “পার্টি থাকলে পলিটিক্স দাঁড়ায়, পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়?”
উল্লেখ্য, এনসিপির কয়েকজন প্রভাবশালী নেতার পদত্যাগের ঘোষণার পরই দিলশানা পারুল নিজের অবস্থান স্পষ্ট করে এই বক্তব্য দেন।
















