শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নরেন্দ্র মোদি সরকার ওয়াশিংটনের অপেক্ষায় রয়েছে বলে দাবি সিপিআইএম নেতার
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এখনও নেয়নি ভারত সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সংকেতের দিকেই নজর রাখছে নয়াদিল্লি—এমন মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
গতকাল কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। মোহাম্মদ সেলিম দাবি করেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফেরত যাবেন—এই সিদ্ধান্ত একমাত্র নরেন্দ্র মোদি সরকারের হাতে রয়েছে।
তিনি বলেন, আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে নিয়মিত কথা বলতেন, কিন্তু এখন তিনি নীরব। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বার্তা রয়েছে বলেই মোদি সরকার এখন মুখ খুলছে না।
মোহাম্মদ সেলিমের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখন আর কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয় নয়; বরং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের দিকনির্দেশনা বা সংকেত পেলেই ভারত সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এই মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ—দুই দেশেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান এখন বহুপাক্ষিক আলোচনার অংশ হয়ে উঠেছে।
















