স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ওসমান হাদি হত্যাকাণ্ডে দৃশ্যমান বিচারিক পদক্ষেপ না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য ও ধামাচাপার অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ।
ওসমান হাদি হত্যার ঘটনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত জনসম্মুখে এসে স্পষ্ট করেনি— হাদি হত্যার ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কেবল বক্তব্য নয়; দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য পদক্ষেপের মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, সিভিল ও মিলিটারি গোয়েন্দা কাঠামোর ভেতরে যারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে ঘাপটি মেরে আছে, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ব্যর্থতা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি হুঁশিয়ার করে বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই এগোনো সম্ভব নয়। নির্বাচনের আগে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার শুরু করারও জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের জনগণকে দুর্বল বা সহজ-সরল ভাবার প্রবণতা অতীতেও ভুল প্রমাণিত হয়েছে। জুলাইয়ের গণআন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, জনগণ প্রয়োজনে আবারও জবাব দিতে প্রস্তুত।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে হাদি হত্যার ঘটনায় একটি বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্তে দক্ষ ও পেশাদার গোয়েন্দা সংস্থাগুলোকে যুক্ত করতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন তারা।
















