মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফনের সিদ্ধান্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শহীদ শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমান শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে রওনা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানায়, হিমাগারে মরদেহ সংরক্ষণের পর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের পক্ষ থেকে দেওয়া দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে—শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
এই সিদ্ধান্তের কারণে শুক্রবারের পরিবর্তে শনিবার (২০ ডিসেম্বর) মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ এলাকায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, ছাত্র-জনতা যেন শৃঙ্খলার সঙ্গে আন্দোলন অব্যাহত রাখেন এবং কোনো অনুপ্রবেশকারী বা সহিংসতার সুযোগ যেন সৃষ্টি না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সংগঠনটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না। এ সময় শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
















