গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি লাইফ সাপোর্টে থাকলেও কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া দুটি কিডনি সচল হয়েছে; তবে ব্রেইনের ক্ষত গভীর।
দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে মেডিকেল বোর্ডের সভার পর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল আহাদ জানান, ওসমানের দুই কিডনি আবার সচল হয়েছে, যা ইতিবাচক। তবে তার ব্রেইনের ক্ষত অত্যন্ত গভীর এবং শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত ও আশঙ্কাজনক থাকলেও চিকিৎসায় একটি ইতিবাচক দিক দেখা দিয়েছে। কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তাঁর দুটি কিডনি আবার সচল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া, তাঁর ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন। ওসমান হাদির অস্ত্রোপচার দলে ছিলেন তিনি। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
মেডিকেল বোর্ডের সভার পর চিকিৎসক আবদুল আহাদ জানান, ওসমান হাদির ব্রেইনের ক্ষত অত্যন্ত গভীর এবং তাঁকে ‘খুব এক্সপার্ট হ্যান্ডে’ হেড শুট করা হয়েছে। বুলেটটি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে।
তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অপারেশনের সময় বুলেটের একটি শেল (কাভার) অংশ বের করা সম্ভব হলেও আরও একটি ছোট অংশ এখনো ব্রেইনের ভেতরে থেকে গেছে। এই অংশের অবস্থান ব্রেইনের স্পর্শকাতর রক্তনালির সঙ্গে যুক্ত থাকায় ঝুঁকি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসক আহাদ আরও জানান, ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তাঁর পরিবার বিদেশে চিকিৎসার জন্য চেষ্টা করছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি মেডিকেল বোর্ডের সম্মতি ও পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা এক ব্যক্তির গুলিতে আহত হন ওসমান হাদি।
















