খাদ্য মজুত বাড়াতে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন
দেশের খাদ্য মজুত পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় এখন জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে। এই উদ্যোগ দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















