সূর্যাস্ত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, এটি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সূর্যাস্ত বা সূর্যোদয় দেখা উদ্বেগ ও মানসিক চাপ কমাতে, স্মৃতিশক্তি উন্নত করতে, ভালো ঘুমে সহায়তা করতে এবং ইতিবাচক অনুভূতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, সূর্যাস্ত মানুষের মধ্যে ‘অ’ (Awe) বা গভীর বিস্ময় ও মুগ্ধতার অনুভূতি সৃষ্টি করে। এই অনুভূতি ব্যক্তিকে সাময়িকভাবে ব্যক্তিগত উদ্বেগ ও নেতিবাচক চিন্তা থেকে দূরে সরিয়ে বর্তমান মুহূর্তে মনোযোগী হতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে এবং অন্যদের প্রতি সহমর্মিতা ও ইতিবাচক আচরণও বাড়তে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে শরীরে প্রদাহের সঙ্গে সম্পর্কিত কিছু জৈব রাসায়নিক উপাদানের মাত্রা কম থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন শারীরিক ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সূর্যাস্তের মৃদু লাল ও সোনালি আলো শরীরের জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদমকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। এতে কর্টিসল হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়। বিপরীতে রাতে অতিরিক্ত কৃত্রিম বা নীল আলো এই প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যাহত করে, যার ফলে ঘুমের সমস্যা, উদ্বেগ ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গবেষকদের মতে, প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও সূর্যোদয় বা সূর্যাস্ত উপভোগ করা মানসিক প্রশান্তি, ভালো ঘুম এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহজ কিন্তু কার্যকর একটি অভ্যাস হতে পারে।
















