পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে রেঞ্জার্স বাহিনীর একটি নিরাপত্তা স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিন্ধ পুলিশের মহাপরিদর্শক জাভেদ আলম ওধো জানান, শনিবার সন্ধ্যায় গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদরদপ্তরের প্রধান ফটকে একটি গাড়ি দ্রুতগতিতে ঢুকে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলার চেষ্টা করা হয়, এরপর ভারী অস্ত্রধারী হামলাকারীরা কম্পাউন্ডে প্রবেশ করে গুলি চালায়।
হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (SSU), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, হামলায় অন্তত দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী সংগঠন জামাত-উল-আহরার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, অভিযানে মোট নয়জন হামলাকারী অংশ নিয়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পাশাপাশি এবার করাচির মতো গুরুত্বপূর্ণ নগরীতেও হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
















