রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ আগামী ১ সেপ্টেম্বর নতুন শুনানির দিন ধার্য করেছেন।
রোববার বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং নতুন তারিখ নির্ধারণ করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি পেছানো হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে বিশেষ জজ আদালত-৫–এ স্থানান্তর করা হয়।
রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে ২০২৫ সালের ১৫ এপ্রিল মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
















