যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলির শব্দ শোনার ঘটনায় তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।
রোববার ভোরের দিকে স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরেই লাফায়েত পার্ক এলাকায় গুলির শব্দের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়।
তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা যায়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একটি সম্ভাব্য যানবাহন ও সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনেই অবস্থান করছিলেন। নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক থাকলেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তদন্ত চলাকালে আশপাশের কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়।
সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সপ্তাহান্তে রাজধানীতেই ছিলেন এবং হোয়াইট হাউসে কাজ চালিয়ে যাচ্ছিলেন। একই দিনে সেখানে পারিবারিক ইস্টার ডিনারের আয়োজন করার কথা রয়েছে।
















