অস্ত্র ত্যাগের চাপকে ‘গণহত্যা অব্যাহত রাখার চেষ্টা’ বলে মন্তব্য মুখপাত্রের
গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ছাড়া নিরস্ত্রীকরণ আলোচনা অসম্ভব বলে জানিয়েছে হামাস
গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে হামাসের সশস্ত্র শাখা স্পষ্টভাবে জানিয়েছে, তাদের নিরস্ত্রীকরণের দাবি গ্রহণযোগ্য নয়। সংগঠনটির মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, এ ধরনের দাবি মূলত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যা অব্যাহত রাখার একটি প্রচেষ্টা।
রবিবার প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো আলোচনা করা যাবে না। তার ভাষায়, অস্ত্রের বিষয়টি জোর করে সামনে আনা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনার অন্যতম বড় বাধা হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটি সামনে এসেছে। এই পরিকল্পনার অধীনে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামাস ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, গাজা থেকে ইসরায়েল সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া তারা নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা করবে না।
আবু ওবাইদা অভিযোগ করেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে চাপ প্রয়োগ করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক এবং এটি ফিলিস্তিনি প্রতিরোধ দুর্বল করার কৌশল।
তিনি আরও বলেন, ইসরায়েলই চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভাষণে তিনি ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এসব হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন।
এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির জন্য জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
গাজায় দীর্ঘদিনের সংঘাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
















