জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে পড়ে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২২ মার্চ) দুপুরে নিজ নিজ এলাকায় জানাজা শেষে নিহত শিশুদের দাফন সম্পন্ন হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়েছেন প্রতিবেশীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফন ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) বিকেলে পবিত্র ঈদ উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ থানার সামনের ওই ভাসমান সেতুটিতে অতিরিক্ত মানুষের ভিড় তৈরি হয়েছিল। মানুষের ভার সহ্য করতে না পেরে হঠাৎ সেতুটি ভেঙে পড়লে অনেকেই নদীতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং দীর্ঘ তল্লাশির পর একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো ডাকাতিয়াপাড়া গ্রামের মায়ামনি ও মিহাদ, ঝালুরচর এলাকার আব্দুল মোতালেব ও খাদিজা এবং বেলতলি এলাকার আবির হোসেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানিয়েছেন, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও ভূমি অফিসের সমন্বয়ে গঠিত এই কমিটি দুর্ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
















