স্লোভেনিয়ায় অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল প্রধানমন্ত্রী রবার্ট গোলব এবং ডানপন্থী নেতা ইয়ানেজ ইয়ানশা এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
রোববার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ভোট শেষে ফলাফলের প্রাথমিক ধারণা প্রকাশ করা হবে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনই সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, ইয়ানশার দল এবং গোলবের দল কাছাকাছি অবস্থানে রয়েছে। নির্বাচনের শেষ পর্যায়ে বিদেশি হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগ ঘিরে প্রচারণায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
ইয়ানশা, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমর্থক হিসেবে পরিচিত, পুনরায় ক্ষমতায় ফিরলে দেশটির রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইয়ানশার নেতৃত্বাধীন সরকারকে আইনের শাসন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এবং সে সময় দেশে ব্যাপক বিক্ষোভও হয়েছিল।
অন্যদিকে ২০২২ সালে ক্ষমতায় আসা গোলবের নেতৃত্বে সমলিঙ্গ বিয়ে বৈধ করা হয়েছে এবং গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।
বর্তমান সরকার সামাজিক ও স্বাস্থ্য খাতে সংস্কার চালালেও সব ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, যার ফলে তাদের জনপ্রিয়তা কিছুটা কমেছে।
ইয়ানশা ক্ষমতায় এলে ব্যবসার জন্য কর ছাড় দেওয়া এবং সামাজিক খাত ও গণমাধ্যমে ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
এই নির্বাচনের ফলাফল স্লোভেনিয়ার অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
















