পুলিশ জানায়, নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহীতে নগরীতে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৮টায় নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজশাহী মহাগনর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান। নিহত গোলাম মোস্তফা (৫০) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী।
স্থানীয়রা জানান, মোস্তফা রাতে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, “হাসপাতালে আসার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।”
অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি।”
















