অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের এক আদালত এক লেখককে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান তৈরির দায়ে দোষী সাব্যস্ত করেছে। আদালত বলেছে, তার লেখা বয়সের ব্যবধানভিত্তিক ইরোটিক উপন্যাসটিতে শিশুদের যৌনভাবে উপস্থাপন করা হয়েছে।
৩৪ বছর বয়সী লরেন মাস্ত্রোসা, যিনি একটি খ্রিস্টান দাতব্য প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন, ছদ্মনামে উপন্যাসটি প্রকাশ করেন। গত বছরের মার্চে বইটির অগ্রিম কপি ২১ জন পাঠকের কাছে পাঠানোর পর এর বিষয়বস্তু নিয়ে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
উপন্যাসে ১৮ বছর বয়সী এক তরুণী ও তার বাবার ৪৫ বছর বয়সী বন্ধুর সম্পর্ক তুলে ধরা হয়েছে। আদালতে মাস্ত্রোসার আইনজীবীরা যুক্তি দেন, গল্পে প্রধান চরিত্রকে স্পষ্টভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিচারক ব্রি চিশলম পুরো বই পর্যালোচনা করে রায়ে বলেন, বইটিতে শিশুদের যৌনভাবে উপস্থাপন করা হয়েছে এবং যুক্তিসঙ্গত পাঠকের কাছে এটি স্পষ্টতই আপত্তিকর মনে হবে।
রায়ে উল্লেখ করা হয়, গল্পে চরিত্রটি শিশুসুলভ ভাষা ব্যবহার করে, শিশুর পোশাক পরে এবং শিশুসুলভ আচরণ করে। বিচারকের মতে, কোথাও কোথাও তার বয়স ১৮ উল্লেখ থাকলেও তা তাকে শিশু হিসেবে উপস্থাপনের ইঙ্গিত দূর করতে যথেষ্ট নয়। বিশেষ করে যৌন দৃশ্যের সময় এমন বর্ণনা দেওয়া হয়েছে যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও অল্পবয়সী শিশুর সম্পর্কের মানসচিত্র তৈরি করে।
মাস্ত্রোসাকে শিশু নির্যাতনসংক্রান্ত উপাদান তৈরি, সংরক্ষণ ও বিতরণের একটি করে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল তার সাজা ঘোষণা হবে।
অভিযোগের পর সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
















