আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন স্পষ্ট জানিয়েছে, পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পূর্বঘোষিত সূচি অনুযায়ী সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো— ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেনি।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে যারা এ ধরনের ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে যারা এই অপপ্রচারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সতর্ক অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভোটের দিন ঘনিয়ে আসায় সারাদেশে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর। বিদেশি পর্যবেক্ষকদের আগমন এবং পোস্টাল ব্যালটসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়াও নির্ধারিত নিয়মেই সম্পন্ন হচ্ছে। সুতরাং ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
















