যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংস্কার ও পুনর্নির্মাণের জন্য ওয়াশিংটনের জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস প্রায় দুই বছরের জন্য বন্ধ রাখা হবে। আগামী জুলাই থেকে এই সংস্কারকাজ শুরু হবে বলে রোববার দেওয়া এক ঘোষণায় জানান তিনি।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রটির আগের নেতৃত্ব সরিয়ে দেওয়া এবং ভবনের সঙ্গে নিজের নাম যুক্ত করার পর বহু খ্যাতনামা শিল্পী ও সংগঠনের পরিবেশনা বাতিলের ঘটনায় সমালোচনার মুখে এই ঘোষণা এলো। তবে ট্রাম্প তার বক্তব্যে এসব বাতিলের প্রসঙ্গ উল্লেখ করেননি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, সাফল্য, সৌন্দর্য ও জাঁকজমকের সর্বোচ্চ পর্যায়ে কেন্দ্রটিকে পৌঁছে দিতে সবচেয়ে দ্রুত উপায় হলো প্রায় দুই বছরের জন্য সব বিনোদন কার্যক্রম বন্ধ রাখা। তার মতে, অস্থায়ী এই বন্ধের ফলে কাজ দ্রুত এবং উন্নত মানে সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ জুলাই থেকে কেন্দ্রটি বন্ধ করা হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন, যে পর্ষদটি তিনি নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গঠন করেছেন।
ট্রাম্প বলেন, কনসার্ট, অপেরা, মিউজিক্যাল, ব্যালে ও অন্যান্য শিল্পকর্ম চলতে থাকলে নির্মাণ ও সংস্কারকাজ ব্যাহত হবে। তাই সম্পূর্ণ বন্ধ রাখাই একমাত্র কার্যকর উপায়।
তার ভাষায়, সাময়িকভাবে বন্ধ রেখে পূর্ণাঙ্গ নির্মাণ ও আধুনিকায়ন করা হলে এই কেন্দ্রটি বিশ্বের সেরা পারফর্মিং আর্টস স্থাপনায় পরিণত হতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক হবে।
এ বিষয়ে কেনেডি সেন্টারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৯৬৪ সালে প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে কংগ্রেস এই কেন্দ্রটিকে জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। ১৯৭১ সালে উদ্বোধনের পর থেকে এটি সারা বছর ধরে বিভিন্ন শিল্পকর্মের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যার মধ্যে জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রাও রয়েছে।
ট্রাম্প পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার পর তার নীতির প্রতিবাদে একাধিক শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান তাদের পরিবেশনা প্রত্যাহার করে নেয়। এর মধ্যে পুরস্কারপ্রাপ্ত মিউজিক্যাল হ্যামিলটনের প্রযোজক এবং বিশ্বখ্যাত অপেরা শিল্পী রেনে ফ্লেমিং রয়েছেন।
ওয়াশিংটন ন্যাশনাল অপেরাও সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা কেনেডি সেন্টার ছেড়ে অন্যত্র চলে যাবে। সুরকার ফিলিপ গ্লাস আব্রাহাম লিংকন নিয়ে তার সিম্ফনি পরিবেশনা বাতিল করে বলেন, কেন্দ্রটির বর্তমান মূল্যবোধ তার সৃষ্টির বার্তার সঙ্গে সাংঘর্ষিক।
ট্রাম্প অতীতে কেন্দ্রটির কিছু কর্মসূচিকে অতিরিক্ত উদারপন্থী বলে সমালোচনা করেছিলেন।
সাম্প্রতিক সময়ে এখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শকসংখ্যায় রেকর্ড করলেও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায়।
সংস্কারের পরিধি ঠিক কতটা হবে তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প আগেই ভবনটিকে জীর্ণ ও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছিলেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট কেনেডির ভাতিজি মারিয়া কেনেডি শ্রাইভার সামাজিক যোগাযোগমাধ্যমে নাম উল্লেখ না করে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তার মতে, কেউ আর সেখানে পরিবেশনা করতে না চাওয়ায় এই বন্ধ ও সংস্কারের সিদ্ধান্ত নিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
কেনেডি সেন্টার পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নতুনভাবে সাজানোর ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।
















