নির্বাচনকালীন ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও অতিরিক্ত মেডিকেল টিম গঠনের নির্দেশ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে বলা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় স্বাস্থ্যসেবা সচল রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬-এর এই নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলায় ৩টি, উপজেলায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে বিশেষ মেডিক্যাল টিম গঠন করতে হবে। প্রতিটি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ এবং সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে আহত বা অসুস্থ ভোটার ও সংশ্লিষ্টদের দ্রুত সেবা নিশ্চিত করা যায়।
নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব হাসপাতালের প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। বেসরকারি ক্লিনিকগুলোতেও চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ, ল্যাব, ক্যাথল্যাব এবং ডায়ালিসিস সেন্টার খোলা রাখতে হবে। কোনো রোগীকে রেফার্ড করার আগে প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
















