ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়ে এলো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হার। এমিরেটস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ দিকে মাতেউস কুনহার দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ইউনাইটেড।
রোববারের ম্যাচে শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ২৯তম মিনিটে ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে স্বাগতিকরা লিড নেয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান কমান ব্রায়ান এমবেউমো।
বিরতির পর ইউনাইটেডকে এগিয়ে দেন প্যাট্রিক ডরগু। ২০ গজ দূর থেকে তার জোরালো শট জালে জড়ায়। এরপর ম্যাচের শেষ দিকে মিকেল মেরিনোর গোলে সমতায় ফেরে আর্সেনাল, মনে হচ্ছিল ম্যাচটি ড্রই হবে।
কিন্তু নাটক তখনও বাকি। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ব্রুনো ফার্নান্দেজ ও কোবি মাইনুর তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনহা। এতে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এই হার ছিল সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের টানা ১৩ ম্যাচের অপরাজেয় যাত্রার সমাপ্তি। ঘরের মাঠে এটি তাদের ১৮ ম্যাচ পর প্রথম হার। ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান কমে এসেছে মাত্র চার পয়েন্টে।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতার জন্য চাপ আরও বেড়েছে। ২০২০ সালের এফএ কাপের পর থেকে কোনো শিরোপা জিততে না পারা দলটি আবারও শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট খেল।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দারুণ ছন্দে রয়েছেন মাইকেল ক্যারিক। বরখাস্ত হওয়া রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার লিগের শীর্ষ দল আর্সেনালকেও পরাস্ত করলেন তিনি। এই জয়ে ইউনাইটেড উঠে এসেছে চতুর্থ স্থানে।
ম্যাচ শেষে কুনহা বলেন, এমন ম্যাচে গোল করার স্বপ্নই তিনি দেখতেন। ইউনাইটেডে আসার পর এটি তার অন্যতম সেরা মুহূর্ত।
এদিকে দিনের অন্য ম্যাচগুলোতে নিউক্যাসলের মাঠে ২-০ গোলে জিতে শীর্ষস্থানীয় দলগুলোর পেছনে লেগে থাকল অ্যাস্টন ভিলা। চেলসি ১০ জনের ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে অ্যাওয়ে জয় তুলে নেয়। পাশাপাশি ব্রেন্টফোর্ডকে হারিয়ে অবনমন শঙ্কা অনেকটাই কাটাল নটিংহাম ফরেস্ট।
















