ঢাকা–১৩ আসনে বিএনপি ও খেলাফত মজলিসের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক।
ঢাকা–১৩ সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ-এর হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়। একই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক রিকশা প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর আজই সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
















