গুলশানে বিএনপি কার্যালয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠকে বাংলাদেশ–তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও উন্নয়ন–বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পাশাপাশি আগামী দিনে উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
















