ইঞ্জিন বিকলের কারণে সুইডেনের জলসীমায় নোঙর করা একটি রুশ মালবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার জাহাজটি যান্ত্রিক সমস্যায় পড়ার পর নোঙর করলে রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়।
সুইডিশ কাস্টমসের মুখপাত্র মার্টিন হোগলুন্ড জানান, অ্যাডলার নামের জাহাজটির মালিক প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। শনিবার মধ্যরাতের কিছু পর সুইডিশ কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় জাহাজটিতে ওঠা হয় এবং কার্গো পরিদর্শন শুরু করা হয়। তিনি বলেন, তল্লাশি কার্যক্রম এখনো চলমান রয়েছে।
তবে জাহাজে কী পাওয়া গেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি হোগলুন্ড।
মেরিন ট্রাফিক নামের জাহাজ পর্যবেক্ষণ সেবার তথ্য অনুযায়ী, ১২৬ মিটার দীর্ঘ এই রোল-অন রোল-অফ কনটেইনারবাহী জাহাজটি সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হোগানাস উপকূলে নোঙর করে আছে।
ইইউ ছাড়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাতেও রয়েছে অ্যাডলার এবং এর মালিক প্রতিষ্ঠান এম লিজিং এলএলসি। ওপেনস্যানকশনস নামের একটি ডাটাবেস অনুযায়ী, অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জাহাজ ও মালিকপক্ষের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হোগলুন্ড জানান, জাহাজটি ১৫ ডিসেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে আসে। তবে এর গন্তব্য সম্পর্কে সুইডিশ কাস্টমসের কাছে কোনো তথ্য নেই।
রাতের এই অভিযানে সুইডিশ কাস্টমস প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, ন্যাশনাল টাস্ক ফোর্স, সুইডিশ সিকিউরিটি সার্ভিস এবং প্রসিকিউটরদের একটি দল অংশ নেয়।
এর আগেও অ্যাডলার জাহাজটি আন্তর্জাতিক নজরদারির মুখে পড়ে। ২০২১ সালের জানুয়ারিতে ভূমধ্যসাগরে গ্রিসের নিরাপত্তা বাহিনী জাহাজটিতে তল্লাশি চালায়। সে সময় জাতিসংঘের লিবিয়া অস্ত্র নিষেধাজ্ঞা তদারকির জন্য ইউরোপীয় ইউনিয়নের অপারেশন ইরিনি কর্মসূচির আওতায় ওই অভিযান পরিচালিত হয়েছিল।
















