বিজয় দিবসের পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ উপেক্ষা করলেন ভারতের প্রধানমন্ত্রী
১৬ ডিসেম্বর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দিনটিকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তবে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিজয়ের কোনো উল্লেখ নেই।
মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিংবা বিজয়ের কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, বিজয় দিবসে তিনি সেই সব সাহসী ভারতীয় সেনাসদস্যদের স্মরণ করছেন, যাঁদের অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
পোস্টে তিনি আরও বলেন, ভারতীয় সেনাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ভারতের ইতিহাসে এক গর্বের অধ্যায় তৈরি করেছে। এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর এবং অতুলনীয় মনোবল স্মরণ করার উপলক্ষ বলেও উল্লেখ করেন তিনি।
নরেন্দ্র মোদি আরও দাবি করেন, ১৯৭১ সালের সেই সামরিক বিজয়ের বীরত্বগাথা আজও ভারতের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
তবে এই পুরো পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, কিংবা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কথা একেবারেই উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছর একই দিনে দেওয়া এক পোস্টে মোদি ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন। সে সময় তাঁর বক্তব্য ঘিরে বাংলাদেশে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছিল।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে—যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গৌরবের দিন হিসেবে পালিত হয়।
















